প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৩ জন সাবেক সচিসহ মোট ১৪ জনকে দেশত্যাগে নিষিদ্ধ করেছেন আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য আসামির মধ্যে রয়েছেন— সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে জানান, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদি তারা দেশত্যাগ করে, তাহলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু পরে সেটি সেতু কর্তৃপক্ষ ও অন্যান্য দপ্তরের কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে আবাসন নির্মাণে ব্যবহার করা হয়, যা ভূমি অধিগ্রহণ আইন-২০১৭ এর ধারা লঙ্ঘন করে।

মামলাটি দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম ১১ ডিসেম্বর দায়ের করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা