প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশে অবস্থানরত ভোটারদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন গ্রহণ বন্ধ করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।

দেশের ভেতরে নিবন্ধনকারীদের মধ্যে রয়েছেন— সরকারি চাকরিজীবী: ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী: ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ভিডিপি সদস্য: ১০ হাজার ১০ জন, কারাগারে থাকা ভোটার: ৬ হাজার ২৮৩ জন

প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। বিশ্বজুড়ে মোট ১২৩টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটারদের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা, নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশন জানায়, ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। ভোট দেওয়ার পরদিন থেকেই ডাকযোগে পূরণ করা ব্যালট পাঠানো যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা