প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত কোনও নির্বাচন হবে না: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে ভেনেজুয়েলায় কোনো জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, দেশটির বর্তমান পরিস্থিতিতে ভোটগ্রহণ বাস্তবসম্মত নয় এবং ভেনেজুয়েলার দায়িত্ব আপাতত তার হাতেই রয়েছে।

সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগে ভেনেজুয়েলার সামগ্রিক অবস্থা স্থিতিশীল করা জরুরি। তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ এখনো ভোট দেওয়ার মতো নিরাপদ পরিবেশে নেই। দেশকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে দেশটির প্রশাসনিক দায়িত্ব নিতে পারে এবং সেনা মোতায়েনের পথও খোলা রাখা হয়েছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করেনি। তার মতে, যুক্তরাষ্ট্র মূলত মাদক চক্রের বিরুদ্ধে লড়াই করছে, যারা অপরাধী, মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়া হতে পারে। ট্রাম্পের ধারণা, এই প্রকল্প ১৮ মাসেরও কম সময়ে সম্পন্ন করা সম্ভব, যদিও এতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে। তিনি বলেন, কোম্পানিগুলো আগে বিনিয়োগ করবে এবং পরে রাজস্ব বা অন্যান্য ব্যবস্থার মাধ্যমে অর্থ ফেরত পাবে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা সমন্বয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারসহ শীর্ষ কর্মকর্তারা ভূমিকা রাখবেন।

তবে কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্ব নেবেন—এমন প্রশ্নে ট্রাম্প সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘আমি।’

এদিকে নিউইয়র্কের একটি আদালতে সোমবার নিকোলাস মাদুরো মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক ফেডারেল মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, তিনিই এখনও ভেনেজুয়েলার বৈধ নেতা। মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করানো হয়।

ট্রাম্প জানান, ডেলসি রদ্রিগেজ বর্তমানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তবে মাদুরো আটক হওয়ার আগে তার ঘনিষ্ঠদের সঙ্গে মার্কিন পক্ষের কোনো যোগাযোগ ছিল—এমন অভিযোগ তিনি অস্বীকার করেন।

মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে কোনো গোপন সমঝোতা হয়েছিল কি না—এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেকেই আলোচনার প্রস্তাব দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র ভিন্ন পথ বেছে নিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা