প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জকসু ভোটে উত্তাপ: মুখোমুখি অভিযোগ ছাত্রদল–শিবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থি সংগঠনসমর্থিত ‘ভাসানী ব্রিগেড’ প্যানেল অংশ নিয়েছে। পাশাপাশি আংশিক প্যানেল ও একাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। ছাত্রদল ও ছাত্রশিবির—উভয় পক্ষই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। তার দাবি, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ভোটকেন্দ্রে প্যানেল পরিচিতি বহন করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, নারী শিক্ষার্থীদের টোকেন কেড়ে নেওয়া ও হয়রানির ঘটনাও ঘটছে।

তিনি আরও বলেন, ভোটের শুরুতে পরিবেশ শান্ত থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে গেটের সামনে জটলা তৈরি হয়। বিভিন্ন কেন্দ্রে প্যানেল পরিচিতি বই আকারে বিতরণ করা হয়। এ বিষয়ে প্রশ্ন তুললে প্রার্থী ও ভোটারদের প্রতি আক্রমণাত্মক আচরণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। দর্শন, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ একাধিক কেন্দ্রে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন রিয়াজুল ইসলাম।

অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন নম্বরকে অগ্রাধিকার দিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। তার ভাষ্য, অন্য প্যানেলের টোকেন দেখালে দায়িত্বপ্রাপ্তদের আচরণ ভিন্ন রকম দেখা যাচ্ছে। তিনি বলেন, সুযোগ দিতে হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, নয়তো কাউকেই নয়।

এদিকে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোট গণনার সময় বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। তার দাবি, ক্যাম্পাসের আশপাশে বহিরাগতদের জড়ো করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেও তাৎক্ষণিক সমাধান মিলছে না বলে অভিযোগ করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা