প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। মাহিমা আক্তার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহিমা আক্তার ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। সে সময় হিজাব ও নিকাব পরিহিত অবস্থায় থাকায় তার পরিচয় জানতে চাইলে ছাত্রদল সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মী তাকে নিকাব ও মাস্ক খুলতে বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাস্থলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দীন বাসিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্য সচিব সামছুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। একপর্যায়ে তারা পুলিশের কাভার্ড ভ্যানের সামনে অবস্থান নেন।

ভুক্তভোগী মাহিমা আক্তার অভিযোগ করে বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে একজন আত্মীয়ও ছিলেন। সে সময় তাকে অপ্রয়োজনীয়ভাবে হেনস্তা করা হয় এবং হিজাব ও মাস্ক খুলতে চাপ দেওয়া হয়।

এ বিষয়ে ছাত্রশিবির শাখা সভাপতি ও ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মাহিমা আক্তার তার স্ত্রী এবং তিনি তাদের প্যানেলের পক্ষে ক্যাম্পাসের বাইরে কাজ করছিলেন। তার দাবি, ছাত্রদল নেতাকর্মীরা সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন এবং পরে পুলিশের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, কাউকে ঘিরে এভাবে ‘মব’ তৈরি করা অনাকাঙ্ক্ষিত এবং শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য ক্ষতিকর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত করা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা