প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদি হ’ত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে মার্চ ফর ইনসাফ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আয়োজকদের জানানো মতে, শাহবাগ থেকে শুরু হওয়া এই কর্মসূচি সায়েন্সল্যাব–সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী প্রদক্ষিণ করে সন্ধ্যায় আবার শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

পথযাত্রায় অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবিতেই তারা রাজপথে নেমেছেন। তার ভাষায়, “হাদির বিচার কেন হবে না—এই প্রশ্নের জবাব আমরা চাই।”

কর্মসূচি চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিতে অন্তত ১০টি পিকআপ ভ্যানে করে নেতাকর্মীরা অংশ নেন বলে আয়োজকরা জানান।

ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে— খুনের সঙ্গে জড়িত পুরো চক্রের দ্রুত বিচার সম্পন্ন করা, দেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, ভারত আশ্রয় দেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদের সহযোগীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা