প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাধ্যমিক পাঠ্যবইয়ে যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাক্রমে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত নতুন পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলন, আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়ন, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

একই সঙ্গে পাঠ্যবইয়ে পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক বিবরণ। ষষ্ঠ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এবং পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় ঘোষণা পাঠ করেন।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ইতিহাস, বাংলা সাহিত্য ও ইংরেজি বিষয়ের বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক, সামাজিক ও মানবিক দিক শিক্ষার্থীদের বয়স অনুযায়ী বিভিন্ন অধ্যায়ে সংযোজন করা হয়েছে। পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামের আত্মত্যাগ, আন্দোলনের বিস্তার এবং ৫ আগস্ট সরকারের পতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সপ্তম শ্রেণির বাংলা বইয়ে কবিতা, অষ্টম শ্রেণিতে প্রবন্ধ এবং নবম-দশম শ্রেণির বইয়ে বিশ্লেষণধর্মী রচনার মাধ্যমে আন্দোলনের চেতনা তুলে ধরা হয়েছে। ইংরেজি বই ‘English For Today’-এ যুক্ত হয়েছে গ্রাফিতি ও আন্দোলনের প্রতীকী ভাষা নিয়ে নতুন অধ্যায়।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সংগঠকরা পাঠ্যবইয়ে এই অধ্যায় সংযোজনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে নতুন প্রজন্ম রাষ্ট্রীয় দমন-পীড়নের বাস্তব ইতিহাস জানতে পারবে এবং বিকৃত ইতিহাস থেকে মুক্ত থাকবে।

এদিকে এনসিটিবি জানিয়েছে, মাধ্যমিক স্তরের পাঠ্যবই সরবরাহ দ্রুত এগোচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই সব শিক্ষার্থী বই হাতে পাবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে সব পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা