প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কঠোর নিরাপত্তায় চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। এসব প্যানেলের মধ্যে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্যানেল ‘মওলানা ভাসানী ব্রিগেড’।

অন্যদিকে হল সংসদ নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল—‘অদম্য জবিয়ান’, ‘অপরাজিতার অগ্রযাত্রা’ ও ‘রোকেয়া পর্ষদ’।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভোটগ্রহণ শেষে গণনার সম্পূর্ণ কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

কমিশন আরও জানায়, ভোটার, শিক্ষক ও নির্বাচন সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছে।

নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, ভোটার শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন এবং ভোট শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত রয়েছে ২ নম্বর গেট এবং তাদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক।

প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস জানিয়েছে, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানান, ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ আজকের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার পর আজকের ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম জকসু নেতৃত্ব।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোট শুরুর দিন সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরদিন শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করে আজ নির্বাচন আয়োজন করা হয়েছে। এর আগে দুই দফা পেছানোর পর গত বছরের ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা