দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক ধাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
সোমবার (৫ জানুয়ারি) রাতে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত এই নতুন দর আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট: ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে বলেও জানানো হয়েছে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে চলতি মাসের ৪ জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে দুই দফা দাম বেড়েছে এবং এক দফা কমানো হয়েছে।
পাশাপাশি স্বর্ণের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৮৫ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৫ টাকা।
নতুন দর অনুযায়ী রুপার দাম—
২২ ক্যারেট: ৫ হাজার ৯২৫ টাকা
২১ ক্যারেট: ৫ হাজার ৬৫৭ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ৮৪১ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৬৩৯ টাকা
চলতি বছরে এটি রুপার দামের দ্বিতীয় সমন্বয়। এর আগে এক দফা দাম বাড়ানো ও এক দফা কমানো হয়েছিল।