প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশ তদন্ত কেন্দ্রের কাছাকাছি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদল নেতা মুহাম্মদ জানে আলম। সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট সংলগ্ন সিকদার পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত জানে আলম (৪৮) পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন। তিনি সিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত হামদু মিয়ার ছেলে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে মুখোশধারী তিন যুবক ঘটনাস্থলে আসে। বাড়ির সামনে পৌঁছেই কোনো ধরনের কথা না বলেই তারা জানে আলমকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। হামলার পরপরই তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

 

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জানে আলম। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি বলে তিনি হতাশা প্রকাশ করেন।

 

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা