যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে এটি কোনো নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা কিনা তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ভ্যান্স ও তার পরিবারের কেউ বাসায় উপস্থিত ছিলেন না। পুলিশের ধারণা, বাসভবনের ভিতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইস প্রেসিডেন্টের বাড়ির জানালার কাঁচ ভাঙা অবস্থার ছবি ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তার উদ্দেশ্য এবং ঘটনা সংঘটিত হওয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আটক ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি।
ফক্স নিউজের বরাত দিয়ে জানা যায়, ঘটনা ৫ জানুয়ারি রাত প্রায় ১২টা ১৫ মিনিটে ঘটেছে। সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচার সিক্রেট সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়। গোয়েন্দা সংস্থা ওই সময় একজন ব্যক্তিকে ‘দৌড়ে যেতে’ দেখে অবগত হয় এবং পুলিশ তাকে আটক করে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।