আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে আয়োজনের কথা থাকলেও সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগের কারণে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বাইয়ের মতো দর্শকসমৃদ্ধ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টাইগারদের ম্যাচগুলো।
এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশি এই পেসারকে দল থেকে বাদ দেয়, যা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়।
এর পরপরই বিসিবি জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আসে।
এমন প্রেক্ষাপটে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, বাংলাদেশের অনুরোধের পর তাদের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে আইসিসি। শ্রীলঙ্কা এই আসরের সহ-আয়োজক দেশ।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেনস (৬৩ হাজার দর্শক ধারণক্ষমতা) এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (৩৩ হাজার) বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চার ম্যাচ মিলিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার টিকিট বিক্রির সম্ভাবনা ছিল, যেখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০০ থেকে ৩০০ রুপির মধ্যে।
আইসিসির নিয়ম অনুযায়ী, টিকিট বিক্রির সরাসরি মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের হলেও ম্যাচ-ডে উদ্বৃত্ত আয়, স্থানীয় স্পনসরশিপ এবং ভিআইপি হসপিটালিটি থেকে উল্লেখযোগ্য রাজস্ব পাওয়ার আশা ছিল বিসিসিআইয়ের।
যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে বিকল্প কোনো ম্যাচ না দেওয়া হয়, তাহলে বিসিসিআইয়ের সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ থেকে ৪০ কোটি রুপি। তবে একই ভেন্যুতে অন্য ম্যাচ আয়োজন করা হলে এই ক্ষতি অনেকটাই কমে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।