প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত এগোচ্ছে এবং খুব শিগগিরই মামলার চার্জশিট দাখিল করা হবে। ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকারের দায়িত্বকালেই এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ করা হবে।

জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সবাইকে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রচলিত আইন ও বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা