রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানটির শাটার ও কলাপসিবল গেট ভেঙে চোরেরা ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে চন্দ্রিমা বাজারে অবস্থিত ‘নিউ রানা জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানটির মালিক মাসুদ রানা জানান, রোববার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন শাটার ও কেচিগেটের তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, দোকানে নিজের ৫০ ভরি স্বর্ণের পাশাপাশি বন্ধক রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা এবং নগদ চার লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৩টা ২১ মিনিটের দিকে একাধিক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে। তারা কাচ ভেঙে সিন্দুক বের করে এবং কিছু সময় অপেক্ষার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি অবগত হওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।