প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামীকাল জকসু নির্বাচন: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি জানান, জকসু নির্বাচন আয়োজনের বিষয়ে সিন্ডিকেট সদস্যরা সর্বসম্মতভাবে ইতিবাচক মত দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বাহাদুর শাহ পার্ক এলাকায় পুলিশের একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

এর আগে জকসু নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিন্ডিকেট সভা চলাকালীন প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা একটি নিরপেক্ষ, অবাধ ও নিরাপদ নির্বাচনের দাবি জানান।

ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, প্রচারণার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও তারা স্বচ্ছ ভোটগ্রহণের প্রত্যাশা করছেন।

ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারা ইতিবাচক সাড়া পেয়েছেন। তিনি একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী শাহীন মিয়া বলেন, শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে পূর্ব অভিজ্ঞতার কারণে কিছুটা শঙ্কা রয়ে গেছে বলেও জানান তিনি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের এজিএস প্রার্থী শামসুল আলম মারুফ বলেন, সীমিত সময়ের প্রচারণার পরও তারা আশাবাদী। তবে ভোটের পরিবেশ কতটা নিরপেক্ষ থাকবে, সেটিই বড় প্রশ্ন।

ভোটার শিক্ষার্থীরাও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। গণিত বিভাগের শিক্ষার্থী হাসান মিয়া জানান, এটি তার জীবনের প্রথম ভোট এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোট দিতে চান। অপর শিক্ষার্থী সাহেদ সিজান বলেন, নির্বাচন নিয়ে কিছুটা উত্তেজনা থাকলেও প্রশাসনের কাছ থেকে একটি সঙ্কামুক্ত ভোট প্রত্যাশা করেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, নির্বাচন উপলক্ষে ৫ ও ৬ জানুয়ারি সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা