২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহা. মহিউদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মুহা. মহিউদ্দিন সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
নির্বাচনের পর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনয়ন দেন।
সমাবেশের শেষ পর্বে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।a