এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনীতিতে আর কোনো ধরনের গোলামীর রাজনীতি চলবে না। এগারো দলীয় জোট আজাদির রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে এবং এই লক্ষ্যেই তারা সংগঠিতভাবে কাজ করবে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে ‘আজাদির যাত্রা’র সূচনাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও এখনো খুনিদের শনাক্ত করতে পারেনি সরকার। এই হত্যাকাণ্ডের বিচার এবং আজাদির দাবি থেকেই নতুন করে আন্দোলনের সূচনা করা হচ্ছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাকে ‘আজাদির এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ওসমান হাদি ও সাম্যসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মাঠে নামবে এগারো দলীয় জোট এবং এই আন্দোলন চলমান থাকবে।
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসনের একটি অংশ নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে পক্ষপাত দেখাচ্ছে। অতীতের মতো আবারও রাজনৈতিক আনুগত্যের চর্চা ফিরে আসছে—যা বর্তমান বাংলাদেশে তিনি দেখতে চান না।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আবার গোলামীর রাজনীতিতে জড়িয়ে পড়ে, তবে জনগণই তার জবাব দেবে।