প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে প্রচার ব্যয় নির্বাহে জনগণের সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মূলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী কার্যক্রম পরিচালনার ব্যয় নির্বাহে তিনি সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

 

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, নদীবেষ্টিত ও প্রত্যন্ত এই আসনে প্রচার কার্যক্রম পরিচালনা করতে বিপুল ব্যয় প্রয়োজন। এ কাজে তিনি ভোটারদের দোয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রত্যাশা করছেন।

 

ভিডিওর ক্যাপশনে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জনগণের সহায়তা অপরিহার্য। তিনি বলেন, পাঁচটি বড় নদী পরিবেষ্টিত অঞ্চলে নির্বাচনী প্রচার চালাতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন অব্যাহত রাখা শহীদদের রেখে যাওয়া দায়িত্ব। ইনসাফ ও আজাদির চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জনতার অর্থে জনকল্যাণমূলক রাজনীতি এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

আর্থিক সহায়তা দিতে আগ্রহীদের জন্য তিনি বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবের তথ্য শেয়ার করেন। এর আগে ড. তাসনিম জারাসহ আরও কয়েকজন প্রার্থীর এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা