আইপিএল ২০২৬-এর আসন্ন আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স দলে থাকা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “কেবল জাতীয়তার কারণে কোনো খেলোয়াড়কে লক্ষ্য করা চরম অবিচার এবং অসহিষ্ণুতার প্রকাশ। মুস্তাফিজ একজন বিশ্বমানের খেলোয়াড়, পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতেই আইপিএলে জায়গা পেয়েছিলেন।”
তাবিথ আউয়াল আরও বলেন, “ক্রিকেট একটি জেন্টলমেন্স গেম। খেলাধুলার ময়দানে জাতীয়তা, ধর্ম বা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা কখনও গ্রহণযোগ্য নয়। খেলাধুলার শক্তি মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, বিভেদ বাড়ানোর জন্য নয়।”
তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান, খেলাকে রাজনীতি ও বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে। পোস্টের শেষে তিনি মুস্তাফিজকে সমর্থন জানিয়ে লিখেছেন, “শক্ত থাকো মুস্তাফিজ—আজ পুরো জাতি তোমার পাশে আছে।”
মুস্তাফিজ ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যাবে না। ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড।