প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তিন দফা ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের নিঃশর্ত জামিনের দাবিসহ নতুন করে তিন দফা দাবি এবং তিনটি কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহদী হাসান একটি মামলায় জামিন পেলেও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি। ফলে আগের ঘোষিত দাবির আংশিক বাস্তবায়ন হলেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, পূর্বে ঘোষিত দুই দফার মধ্যে কেবল একটি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। তাই নতুন করে আরও একটি দফা যুক্ত করে তিন দফা দাবি ঘোষণা করা হয়েছে।

নতুন দাবির মধ্যে রয়েছে—জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামরিক, আধাসামরিক ও বেসামরিক প্রশাসনের সদস্যদের অবদান রাষ্ট্রীয়ভাবে লিপিবদ্ধ করা, তাদের আইনি সুরক্ষা ও সম্মাননা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন। পাশাপাশি ২০০৯ সালের পর থেকে পদোন্নতি বঞ্চিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির দাবিও জানানো হয়।

এসময় তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির আওতায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ী সংশ্লিষ্ট থানার ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকা তৈরি করে আইসিটি ট্রাইব্যুনালে মামলা করা, ইনডেমনিটি অধ্যাদেশ জারির দাবিতে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা এবং বড় রাজনৈতিক জোটগুলোর সঙ্গে সাক্ষাৎ করে তাদের নির্বাচনী ইশতেহারে জুলাই আন্দোলনের চেতনা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পুনর্বাসনে তৎপরতা চালাচ্ছে। তবে আন্দোলনের চেতনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা