আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র আজকের মধ্যেই জারি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘিরে সারাদেশে যৌথ বাহিনীর সমন্বিত কার্যক্রম শুরু হচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর প্রধানদের নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে এবং সব হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে।
তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, নির্বাচনকে সামনে রেখে দেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র শনাক্ত করে তা উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার সম্ভব নয়, সেগুলো যাতে কোনো ধরনের অপরাধমূলক কাজে ব্যবহৃত না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে।
দ্বিতীয়ত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা।
তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের ঘটনা ঘটলে তা যৌথ বাহিনীর মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
রোহিঙ্গা ক্যাম্প সংক্রান্ত নিরাপত্তা ইস্যুতেও আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো কঠোর নজরদারির আওতায় রাখতে হবে। পাশাপাশি স্থল সীমান্ত ও সাগরপথে নিরাপত্তা জোরদার করতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী এসব পথ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে।