কর্মচারীকে মালিক বানিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’-এর নামে ভুয়া ঋণ অনুমোদনের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং প্রায় সাড়ে ৯ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রীসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুরুতে মামলায় ৩১ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে চার্জশিটে আসামির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।
এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক এফএভিপি ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আব্দুল আউয়াল এবং আলফা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ দিলদার আলম মারা যাওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে কয়েকজন আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও হুন্ডি সংশ্লিষ্ট ব্যক্তিকে আসামির তালিকায় যুক্ত করা হয়েছে।
চার্জশিট অনুযায়ী, চট্টগ্রামের ইউসিবি ব্যাংকের পোর্ট শাখা থেকে ভিশন ট্রেডিং নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের যথাযথ যাচাই ছাড়াই ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। ব্যাংকের শাখা পর্যায়ের কর্মকর্তারা ভুয়া তথ্য ও কাগজপত্রের ভিত্তিতে ঋণের সুপারিশ করেন, যা পরবর্তীতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়।
তদন্তে উঠে আসে, ভিশন ট্রেডিং বাস্তবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এটি ছিল সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণাধীন আরামিট গ্রুপের একজন কর্মচারীর নামে কাগজে-কলমে তৈরি করা প্রতিষ্ঠান। ঋণের অর্থ পরে আলফা ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংসহ আরও কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়, যেগুলোও একই গ্রুপের কর্মচারীদের নামে খোলা।
দুদকের অভিযোগে বলা হয়, পারস্পরিক যোগসাজশ, জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, দুর্নীতি দমন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের একাধিক ধারায় অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া গেছে।