নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর ফলে এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা আর মার্জিন ঋণ সুবিধা পাবেন না।
ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) পর্যন্ত যেসব কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে, সেগুলো সোমবার (৫ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পাওয়া কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড এবং বেস্ট হোল্ডিংস।
ক্যাটাগরি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে সব ধরনের মার্জিন ঋণ সুবিধা স্থগিত রাখতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দিয়েছে ডিএসই।
ডিএসই আরও জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনার আলোকে এই ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।