প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মালদ্বীপে খালেদা জিয়ার স্মরণে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬

মালদ্বীপের রাজধানী মালের সিরাজীগি অডিটোরিয়ামে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালদ্বীপ বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনায় রাজধানীর জালাল উদ্দিন মসজিদে টানা চার দিন খতমে কোরআন অনুষ্ঠিত হয় বলেও জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেন তালুকদার ও মো. ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম।

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিনি ছিলেন এক প্রভাবশালী ও আপসহীন নারী নেত্রী, যার নেতৃত্ব ও সাহসিকতা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে খালেদা জিয়ার সংগ্রাম ইতিহাসে অনন্য হয়ে থাকবে এবং তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মেহের মিয়া রানা, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক, ক্রীড়া সম্পাদক মো. মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়া প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সদস্য সচিব মো. মানিক হোসেন এবং যুবদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেষপর্বে দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা