বছরের সর্বনিম্ন তাপমাত্রা ও ঘন কুয়াশার কবলে পড়ে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যমুনা নদীবেষ্টিত জেলা সিরাজগঞ্জ। শীতের তীব্রতায় জনজীবন কার্যত অচল হয়ে গেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন কাজে বের হতে না পেরে পড়েছেন চরম দুর্ভোগে। অনেক এলাকায় দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার কারণে জেলার সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কুয়াশা ও ঠাণ্ডার কারণে কৃষকেরা মাঠে গিয়ে ফসলের পরিচর্যা করতে পারছেন না। এতে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের মধ্যে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও বাড়ছে।
শীতের প্রভাবে বয়স্ক মানুষ ও শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে এসব রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানা গেছে। শীত নিবারণের জন্য অনেককে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে গা গরম করতে দেখা গেছে।
সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শনিবার (৩ জানুয়ারি) সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা মোস্তফা কামাল জানান, রোববার (৪ জানুয়ারি) সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
পেশাজীবীদের কণ্ঠেও উঠে এসেছে দুর্ভোগের কথা। রিকশাচালক মোবারক হোসেন বলেন, তীব্র শীতের মধ্যেও জীবিকার তাগিদে বের হলেও যাত্রী পাওয়া যাচ্ছে না। ঠাণ্ডার কারণে মানুষ হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে।
দিনমজুর শাহাদত হোসেন জানান, শীতের কারণে কাজ নেই বললেই চলে। বাইরে গেলেই হাত-পা অবশ হয়ে আসে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
ট্রাকচালক সোহরাব আলী বলেন, কুয়াশার কারণে দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে গেছে।
লোকাল রুটের বাসচালক মোশারফ হোসেন জানান, যাত্রী সংকটের কারণে সকালে বাস বের করেও তা বন্ধ করে ফিরে যেতে হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেত বলেন, ইতোমধ্যে জেলায় প্রায় ২৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বাড়তি চাহিদার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ এলে বিতরণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, শীতের সময় অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়াই ভালো। জরুরি প্রয়োজনে বের হলে পর্যাপ্ত শীতবস্ত্র ব্যবহার করতে হবে, নতুবা সর্দি-কাশি, হাঁপানি, অ্যাজমা ও শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।