প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফার্মগেটে সড়ক অবরোধ: যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬

সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার দ্রুত বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফার্মগেট মোড়ে অবস্থান নেন কয়েক শ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এই কর্মসূচির ফলে ফার্মগেট ও আশপাশের সব গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শিক্ষার্থীরা ফার্মগেট মোড় ও সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে অবরোধের কারণে পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়ে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনজন।

আহতরা হলেন—সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬)। অভিযোগ রয়েছে, জান্নাত প্রভাবশালী একটি ছাত্রদল গ্রুপের সহযোগিতায় ছাত্রাবাসে অবস্থান করতেন।

হলের শিক্ষার্থীদের অভিযোগ, তরুণ–সেলিম গ্রুপের সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি একটি গ্রুপের প্রভাব খাটিয়ে হলে আধিপত্য বিস্তার করছেন এবং মাদক সেবনসহ বহিরাগতদের নিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ভয়ভীতি তৈরি করা হয়। ভর্তি ও ফর্ম পূরণ বাণিজ্যেও একটি সংগঠিত চক্র সক্রিয় রয়েছে বলে তাদের দাবি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা