যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) স্থানান্তর করা হয়েছে। এই কারাগারটি অতীতে ঘিসলেইন ম্যাক্সওয়েল ও জনপ্রিয় সংগীতশিল্পী পি ডিডিসহ বেশ কয়েকজন আলোচিত বন্দিকে রাখার কারণে পরিচিত।
এর আগে যুক্তরাষ্ট্র সময় শনিবার ভোরে মাদুরোকে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। পরে তাকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-এর কার্যালয়ে হাজির করা হয়। সেখান থেকেই তাকে ব্রুকলিনের এমডিসি কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যদিও তিনি দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং নিজেকে কোনো মাদক চক্রের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে কবে তাদের আদালতে তোলা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানি শুরু না হওয়া পর্যন্ত তাকে এমডিসিতেই রাখা হবে।
এদিকে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থান বা তাকে কোথায় রাখা হয়েছে— সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার এমডিসি বরাবরই বিতর্কিত। নোংরা পরিবেশ, সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং বন্দিদের প্রতি অবহেলার অভিযোগে এটি বহুবার আলোচনায় এসেছে। এমনকি গুরুতর আহত বন্দিদের চিকিৎসা না দিয়ে দীর্ঘদিন নির্জন সেলে আটকে রাখার অভিযোগও রয়েছে এই কারাগারের বিরুদ্ধে।