ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি মো. আমির হামজা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা। একই নথিতে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।
হলফনামার তথ্যে দেখা যায়, মুফতি আমির হামজা পেশাগতভাবে কৃষিকাজ ও ব্যবসার সঙ্গে যুক্ত। তার শিক্ষাগত যোগ্যতা এমটিআইএস (মাস্টার্স অব থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ)। পারিবারিকভাবে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ চারজনের দায়িত্ব বহন করছেন।
সম্পদের বিবরণ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় তার হাতে নগদ অর্থ ছিল ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা রয়েছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ৫৫ হাজার টাকা এবং ব্যবসা ও পেশা থেকে আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার মালিকানায় থাকা একটি মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা হলেও গাড়িটির ধরন বা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য সেখানে উল্লেখ নেই। এছাড়া আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ০.৩৩ একর জমির ওপর নির্মিত ভবন, যার মূল্য ধরা হয়েছে ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা। পাশাপাশি একটি আবাসিক বাড়ির মূল্য ২০ লাখ টাকা এবং ০.৭৮৩১ একর কৃষিজমির আনুমানিক মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা উল্লেখ করা হয়েছে।
হলফনামা অনুযায়ী, তার স্ত্রী ও তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে প্রায় ৫ লাখ ৫৪ হাজার ৬৩৬ টাকা। স্ত্রীর কাছে নগদ রয়েছে ১ লাখ টাকা। স্ত্রীর মালিকানায় উপহার হিসেবে পাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণ (মূল্য ৬ লাখ টাকা হিসেবে উল্লেখ) এবং ১২ কাঠা কৃষিজমিও দেখানো হয়েছে।
কর সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে মুফতি আমির হামজার মোট সম্পদ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা দেখানো হয়েছে। একই অর্থবছরে তিনি ৫৪ হাজার ৯৬০ টাকা আয়কর প্রদান করেছেন।
হলফনামায় আরও উল্লেখ রয়েছে, ঢাকার দুটি থানায় সন্ত্রাসবিরোধী (সংশোধনী-২০১৩) আইনে দায়ের করা দুটি মামলায় তিনি আইনগতভাবে অব্যাহতি পেয়েছেন।