প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে স্থানীয় এক কাউন্সিলরের কার্যালয়ের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি শংকরপুর এলাকার বাসিন্দা এবং প্রয়াত ইন্তাজ চৌধুরীর সন্তান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় আলমগীর হোসেন শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ অজ্ঞাত পরিচয়ের কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার মাথায় লাগে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় শংকরপুর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা