প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বগুড়া-২ আসনে মনোনয়নপত্র বাতিল: ঢাকায় বৈধতা পেলেন মান্না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একই হলফনামার ভিত্তিতে বগুড়া-২ আসনে জমা দেওয়া তার মনোনয়নপত্র আগের দিন বাতিল করে দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া-২ আসনে মান্নার হলফনামায় একাধিক অসংগতি পাওয়া যায়। এর মধ্যে ফৌজদারি মামলার তথ্য উল্লেখ না করা, হলফনামা প্রস্তুতের একদিন পর স্বাক্ষর দেওয়া এবং সম্পদ বিবরণীর নির্ধারিত ফরম জমা না দেওয়ার বিষয়গুলো উল্লেখযোগ্য। এসব কারণে ওই আসনে তার প্রার্থিতা বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-১৮ আসনে মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়া-২ আসনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। তার ভাষায়, নির্বাচন কমিশনের মূল দায়িত্ব প্রার্থীদের সহায়তা করা, প্রার্থিতা বাতিল করা নয়।

উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের শরিক দল নাগরিক ঐক্য, যেখানে বিএনপির সঙ্গে রাজনৈতিক সমন্বয় রয়েছে। বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন দিয়েছিল বিএনপি। তবে তিনি ঢাকা-১৮ আসনেও মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে মান্না জানান, ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত তার ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ।

এদিকে যুগপৎ জোটের ভবিষ্যৎ অবস্থান নিয়েও কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন নাগরিক ঐক্যের এই নেতা, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা