প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের মৌলিক নীতিকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে—এমন অভিযোগ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

এই প্রেক্ষাপটে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাবোধের অবসান ঘটাচ্ছে। তার মতে, এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য শক্তিধর রাষ্ট্রকে একই ধরনের একতরফা সামরিক অভিযানের যুক্তি দাঁড় করানোর সুযোগ করে দিচ্ছে।

বারাকাত মন্তব্য করেন, “এ ধরনের হামলা কার্যত আন্তর্জাতিক চুক্তি ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ভিত্তিকে ভেঙে ফেলছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার জন্য একটি বিপজ্জনক নজির।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে যেমন লেবানন ও ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, ভেনেজুয়েলার ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। আন্তর্জাতিক নিয়মকানুনের যে সীমারেখা এতদিন মানা হতো, এই হামলা তা অতিক্রম করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বারাকাতের মতে, এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে সামনে রেখে চীন তাইওয়ান ইস্যুতে একই ধরনের পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরতে পারে—যে অঞ্চলটিকে বেইজিং দীর্ঘদিন ধরে নিজের অংশ বলে দাবি করে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

কারাকাসে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদকের বরাতে জানা যায়, শনিবার ভোরে শহরের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই ধরনের তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স, যারা প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে—ভোররাতে বেশ কয়েকটি উচ্চ শব্দে কেঁপে ওঠে রাজধানী।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, শহরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানও প্রত্যক্ষ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রতিবেদন অনুযায়ী, শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক স্থাপনার আশপাশের এলাকায় ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বিস্ফোরণের সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা