প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায়। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েলের সঙ্গে তার তিন ভাই—তাহের, তাজল ও নজিরের বিরোধ চলছিল। গত শুক্রবার (২ জানুয়ারি) সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে দ্বিতীয় দফায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা