বিএনপির ঐতিহাসিক ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। এই আসন থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে বেগম খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে তার মৃত্যুতে প্রার্থী পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে বিকল্প হিসেবে মোরশেদ মিল্টনকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, মোরশেদ মিল্টন বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি তিনবার গাবতলী পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং একসময় উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি বগুড়া-৭ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
নির্বাচনকে সামনে রেখে মোরশেদ মিল্টন নিয়মিতভাবে জনসভা, উঠান বৈঠক ও তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা করছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, গাবতলী ও শাজাহানপুরে তিনি একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য নেতা। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকার দৃষ্টান্তও রয়েছে তার।
গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, বেগম খালেদা জিয়া এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। তার অনুপস্থিতিতে মোরশেদ মিল্টনের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং এই আসনে বিএনপি শক্ত অবস্থান ধরে রাখবে বলে তিনি আশাবাদী।
বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।
মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে গাবতলী-শাজাহানপুরের মানুষের পাশে ছিলেন। নির্বাচিত হলে তার আদর্শ অনুসরণ করে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।