আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’
এরপর কেকেআর একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএল নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল আসন্ন মৌসুমের আগে দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দিয়েছে। যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আইপিএলের নিয়ম অনুযায়ী কেকেআর একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
মোস্তাফিজুর রহমানকে এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা দলভুক্ত করেছিল। তার আগে তিনি আইপিএলে ৫টি দলের হয়ে ৮ মৌসুম খেলেছেন এবং মোট ৬৫ উইকেট অর্জন করেছেন।