ভেনেজুয়েলার সরকার অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এটিকে তারা ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। শনিবার আলজাজিরার প্রতিবেদনে এই বিবৃতির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ভেনেজুয়েলার দাবি অনুযায়ী, কারাকাস, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের একাধিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। দেশটি এই হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের দখল নেওয়া, তবে মাদুরো প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে, এই প্রচেষ্টা সফল হবে না।
উত্তেজনা বাড়ার কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে। হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি বা হতাহতের আনুষ্ঠানিক তথ্য এখনো জানা যায়নি।