বগুড়ার আদমদীঘি উপজেলায় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনা ঘটে শনিবার (৩ জানুয়ারি) সকাল প্রায় ৮:১৫ মিনিটে বগুড়া-নওগাঁ মহাসড়কের পূর্ব ঢাকা রোড, বড় আখিড়া মোড়ে।
নিহতরা হলেন: শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের রাসেল মোল্লা (৩৫)
গুরুতর আহত ব্যক্তি হলেন মিজু আহমেদ (২৪)। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা শিবগঞ্জ থেকে অটোরিকশায় করে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। সড়কে ঘন কুয়াশার মধ্যে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির নওগাঁগামী একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়, যা উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা আহত মিজু আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের পরিবার মামলা না করায় মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান।