প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মনোনয়নপত্র বাতিলের পর তাসনিম জারার মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়া জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, ভোটার সংক্রান্ত তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় সমর্থনকারী স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যারা স্বাক্ষর দিয়েছেন তারা ধারণা করেছিলেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য যাচাইয়ে দেখা যায়, তারা ওই আসনের ভোটার নন।

তিনি আরও বলেন, একজন স্বাক্ষরকারী নিজ উদ্যোগে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করতে গিয়ে ব্যর্থ হন। জাতীয় পরিচয়পত্রে উল্লেখ থাকা ঠিকানার ভিত্তিতে তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একই ধরনের ভুল আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও হয়েছে।

ডা. তাসনিম জারা বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত, তা জানার কোনো সহজ ও কার্যকর উপায় নেই। ফলে যারা স্বাক্ষর দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজেদের আসন সম্পর্কে অবগত ছিলেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। যদিও এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।”

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা