প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩০ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা–২০২৬। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবস্থিত মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি)-এ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এটি এই ভেন্যুতে পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে চলতি বছরের জন্য পেপার ও প্যাকেজিং পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) মোহাম্মদ হাসান আরিফ, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশি ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ৩২৪টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, আর শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

দেশীয় পণ্যের প্রসার, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি, শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে আসছে সরকার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা