প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যাচাই-বাছাই শেষে একাধিক দলের অন্তত ৯৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

সারা দেশে শুরু প্রতীক বরাদ্দ নির্বাচনে মাঠে ১ হাজার ৯৬৭ প্রার্থী swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীসহ একাধিক শীর্ষ নেতা।

জেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় তথ্যগত অসংগতি, ঋণখেলাপি থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যের গরমিলসহ নানা ত্রুটির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দলভিত্তিক হিসাবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির (জাপা) ৮ জন এবং জামায়াতে ইসলামীর ৩ জন রয়েছেন। এছাড়া গণ অধিকার পরিষদ, সিপিবি, বাসদ ও খেলাফত মজলিসের দুইজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল–রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

এদিকে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের অভিযোগে স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন বাতিল হওয়া বাকি প্রার্থীরা মূলত স্বতন্ত্র। এদের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন দাখিল করায় বিএনপির অন্তত আটজন নেতাও রয়েছেন বলে জানা গেছে।

দেশের সব আসনের মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া আগামী রবিবার পর্যন্ত চলবে। বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিলের নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ভোটগ্রহণ হতে পারে ১২ ফেব্রুয়ারি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা