শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে আজ থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর শাহবাগে এক সমাবেশ থেকে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই কর্মসূচির কথা জানান।
এর আগে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আবদুল্লাহ আল জাবের বলেন, সংগঠনের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে গিয়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে জনসমর্থন চাইবেন।
তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে সংগঠনটি আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদি আততায়ীর গুলিতে আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ইনকিলাব মঞ্চ নিয়মিতভাবে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বিচারের দাবি জানিয়ে আসছে।