প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় খুলনা–ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে। এতে বাসটির সুপারভাইজার ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় বাসচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বাসটির সুপারভাইজার মো. সেলিম শেখ (৪৫)। তিনি খুলনার লবণচড়া থানার মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা এবং মো. আইয়ুব আলী শেখের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) এবং যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের প্রাথমিক চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে খুলনা থেকে ঢাকাগামী জিএস ট্রাভেলসের একটি বাস পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহতদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং গুরুতর আহত দুইজনকে উদ্ধার করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা