প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রোববার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

দেশজুড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসজুড়ে দেশে একাধিকবার মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে, যার ফলে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

বিশেষ করে উত্তরাঞ্চল ও নদীবিধৌত এলাকাগুলোতে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক সময় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়বে।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে সার্বিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম বলেন, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি হবে মৃদু ও মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আর এক থেকে দুটি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, তখন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রিতে নেমে যেতে পারে।

তিনি আরও জানান, জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শৈত্যপ্রবাহের সময় জনজীবনে স্থবিরতা দেখা দিতে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে শীত কিছুটা কম অনুভূত হতে পারে। তবে রোববার থেকে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বর্তমানে শৈত্যপ্রবাহের বিস্তার কিছুটা কমলেও এই ধারা অস্থায়ী। আগামী দিনগুলোতে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা