টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই ব্যবস্থার ফলে নিবন্ধনবিহীন কিংবা অননুমোদিত মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে আর ব্যবহার করা যাবে না।
এনইআইআর চালুর পর থেকে কোনো গ্রাহক যদি নিজের নিবন্ধিত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করতে চান, তাহলে আগে সেই হ্যান্ডসেটটি ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ডি-রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সিম ফোনে থাকতে হবে এবং এনআইডির শেষ চারটি সংখ্যা দিতে হবে।
বর্তমানে চারটি মাধ্যমে ডি-রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। এগুলো হলো—
১. সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)
২. মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) পোর্টাল
৩. নির্ধারিত মোবাইল অ্যাপ
৪. ইউএসএসডি কোড (*১৬১৬১#)
ডি-রেজিস্ট্রেশনের সময় গ্রাহকের ব্যবহৃত সিম অবশ্যই তার নিজস্ব এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। এছাড়া ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত মোবাইলের ক্ষেত্রে অতিরিক্তভাবে নতুন ব্যবহারকারীর সিম নম্বর প্রদান করতে হবে।
এর আগে গত ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়ে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই সিস্টেম কার্যকর করা হয়।