প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার স্মরণে শোক বইতে স্বাক্ষর করলেন শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বইতে স্বাক্ষরের আগে সমাজকল্যাণ উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং বিএনপি পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

গুলশান কার্যালয়ে আয়োজিত শোকানুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের উদ্দেশে শারমীন এস মুরশিদ বলেন, “দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, গণতন্ত্র ও রাজনীতিতে খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও সরকারি প্রতিনিধিরা ধারাবাহিকভাবে শোক ও সমবেদনা জানাচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা