জরুরি পাইপলাইন পুনর্বাসন কাজের কারণে আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একাধিক এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের মানিকদিয়া অংশে প্রায় ৫৮০ ফুট পাইপলাইন উন্মুক্ত হয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ওই লাইনে পুনর্বাসন কাজ পরিচালনা করা হবে।
এ কারণে আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহে চাপ কম থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।