অন্তর্বর্তী সরকার বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি এবং দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য যন্ত্রাংশ আমদানির শুল্ক কমিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে আমদানি শুল্ক, অগ্রিম কর এবং ভ্যাট মিলিয়ে মোট খরচ ৬১.৮০ শতাংশ থেকে ৪৩.৪৩ শতাংশে নামল।
তিনি আরও জানান, দেশে মোবাইল ফোন সংযোজনের জন্য যন্ত্রাংশ আমদানিতেও শুল্ক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যা স্থানীয় উৎপাদন খাতকে আরও সুবিধাজনক করবে।