প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ এবং দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা।

বৈঠকের শুরুতে জামায়াতের প্রতিনিধি দল শোকপত্রে স্বাক্ষর করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। ডা. শফিকুর রহমান বলেন,“বেগম জিয়া আজীবন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, তবে একই সম্মান আমাদেরও মিলবে।”

চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন,“তার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল। অনুমতি দেওয়া হলেও তত দিনে ক্ষতি অপরিবর্তনীয় হয়ে গিয়েছিল।”

ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তিনি বলেন,“জাতীয় নির্বাচন পরবর্তী সরকার গঠন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা একসঙ্গে কাজ করতে পারি কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করতে পারি।”

নির্বাচনকে কেন্দ্র করে ডা. শফিকুর রহমান আরও বলেন,“আমরা চাই আগামী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নির্বিঘ্ন হোক। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা