নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের জন্য আনন্দের খবর নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। অভিনয়ের ব্যস্ততার বাইরে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি—মা হয়েছেন একটি কন্যাসন্তানের।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবর জানান নাদিয়া। তবে সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি।
শেয়ার করা ছবির ক্যাপশনে নাদিয়া লেখেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন এবং তার জীবন ভালোবাসা ও আনন্দে ভরিয়ে দেন।”
কন্যাসন্তানের নামও প্রকাশ করেন তিনি। নাদিয়া জানান, তাদের মেয়ের নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। পাশাপাশি সবার কাছে সন্তানের জন্য দোয়া কামনা করেন অভিনেত্রী।
উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় ধরে ছোট পর্দার পরিচিত মুখ সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করেছেন তিনি। বড় পর্দায়ও তার উপস্থিতি রয়েছে। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’, ‘রেডরাম’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কলকাতার সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’-এও দেখা গেছে তাকে।
এর আগে ২০২৪ সালের ২১ জুন বিনোদন অঙ্গনের কর্মী সালমান আরাফাতের সঙ্গে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাত নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করে থাকেন।