প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যশোরের দুটি আসনে জামায়াতের প্রার্থীসহ সাতজনের মনোনয়ন বাতিল

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি চারজন প্রার্থীর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখে তথ্য হালনাগাদের সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়ন যাচাইয়ের প্রথম দিন শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এ সিদ্ধান্তের কথা জানান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-১ ও যশোর-2 আসনের প্রার্থীদের কাগজপত্র পর্যালোচনা করা হয়।

যশোর-১ (শার্শা) আসনে সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিএনপির মফিকুল হাসান তৃপ্তি এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদারের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির নুরুজ্জামান লিটন ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চলের কাগজে তথ্য ঘাটতি থাকায় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। জামায়াতের মুহাম্মদ আজীজুর রহমান ও ইসলামী আন্দোলনের বক্তিয়ার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১০ জনের মধ্যে চারজনের মনোনয়ন বাতিল হয়। ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ড জটিলতায় জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, দলীয় কাগজ জমা না দেওয়ায় বিএনপির মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনএফ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর তথ্য হালনাগাদের জন্য সময় দেওয়া হয়েছে।

যশোর-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকছেন বিএনপির সাবিরা সুলতানা, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী, বাসদের ইমরান খান ও এবি পার্টির রিপন মাহমুদ।

রিটার্নিং কর্মকর্তা জানান, ৪ জানুয়ারির মধ্যে জেলার সব ছয়টি আসনের মনোনয়ন যাচাই সম্পন্ন হবে এবং বাতিল হওয়া প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদও আপিলের আশাবাদ ব্যক্ত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা