প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই একদল বিক্ষুব্ধ ব্যক্তি ভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলাকারীরা আকস্মিকভাবে সহিংস হয়ে ওঠে এবং পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে পড়ে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালান।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, ঘটনার সময় তারা আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপের শব্দ শোনা যায়। পরিস্থিতি আরও অবনতি হলে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ নেয়।

এনইআইআর পদ্ধতি চালু নিয়ে মোবাইল ব্যবসায়ীদের অসন্তোষ থেকেই এ হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা